রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলম অনিক নামে এক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি জানিয়েছে, শাহ আলম অনিক মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম আহ্বায়ক। স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে ডিবি।


citytouch 728-X-90

এর আগে এ ঘটনায় শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন, মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্নাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার দিবাগত রাতে দুই ট্রাকে লোকজন গিয়ে স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেন সালমান মুক্তাদির।

পুলিশের ভাষ্য, নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান মুক্তাদির সেখানে স্টুডিও পরিচালনা করছিলেন। হামলার সময় স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

তবে হামলার কারণ নিয়ে পুলিশের বক্তব্য ও সালমান মুক্তাদিরের অভিযোগে পার্থক্য রয়েছে। সালমানের পক্ষ থেকে হামলার অভিযোগ তোলা হলেও ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, নিউ গিনি প্রপার্টিজ ও এলাকার অন্য জমির মালিকদের মধ্যে বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে।

ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ তদন্তের তথ্যের ভিত্তিতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।