রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি আটতলা বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে রামদা, চাপাতি ও পিস্তল নিয়ে ১৫–২০ জনের একটি দল বাড়িটির সামনে এসে হামলা ও ভাঙচুর চালায়।
বাড়ির মালিক ব্যবসায়ী আমিনুর রহমানের ভাতিজা মনির হোসেনের দাবি, হামলাকারীরা প্রথমে বাড়ির গেট খুলে সবাইকে বের হয়ে যেতে বলে। এরপর ‘টাকা দে, বাসায় থাকিস, টাকা দিস না’ বলতে বলতে চাপাতি ও রামদা দিয়ে মূল ফটকে কোপাতে থাকে।
মনির হোসেনের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা বাড়ির সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ ভাঙচুর করে এবং ইটের টুকরা ছুড়ে আরও দুটি জানালা ক্ষতিগ্রস্ত করে। গেট খুলতে না পেরে প্রায় পাঁচ মিনিট ভাঙচুরের পর তারা চলে যায়।
তিনি জানান, হামলার সময় ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেওয়া হলেও প্রায় তিন ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে। পরে আদাবর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তাঁরা জানেন না বলে দাবি করেন তিনি।
আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ বাড়িটি পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আগেও দখলের অভিযোগ
মনির হোসেনের দাবি, ২০২৪ সালের ১৭ আগস্ট খোরশেদ আলম নামে এক ব্যক্তি বাড়িটি দখল করেছিলেন। পরে থানায় অভিযোগের পাশাপাশি আদালতে মামলা করা হয়। আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে এবং গত ১২ মার্চ তাঁরা বাড়িটির দখল ফিরে পান বলে জানান তিনি।
তাঁর আরও দাবি, পিবিআই প্রায় চার মাস তদন্ত করে অভিযোগপত্র দিয়েছে। তবে সেই অভিযোগপত্রে কী উল্লেখ করা হয়েছে, তা তাঁরা জানেন না। এর মধ্যেই ফের হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাড়ির বাসিন্দারা।










