টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে যাওয়ায় এক অ্যাথলেট প্রশিক্ষককে প্রায় ৪০ মিনিট মেট্রোস্টেশনে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাজ্জাদ হোসেন।

সাজ্জাদ হোসেন প্রায় ১০ বছর ধরে ম্যারাথন ও আল্ট্রাম্যারাথনের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। নিজেও নিয়মিত দৌড়ান এবং ঢাকার বিভিন্ন পার্কে ভোরে প্রশিক্ষণ দেন।

ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা একটি ভিডিওতে সাজ্জাদকে দায়িত্বরত এক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলতে দেখা যায়। সাজ্জাদের পোশাককে ‘শালীন নয়’ উল্লেখ করে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয় বলে ভিডিওতে কথোপকথন থেকে জানা যায়।

citytouch 728-X-90

সাজ্জাদের দাবি, পুলিশ সদস্যরা তাকে ট্রাউজার পরে আসতে বলেন। এমনকি হাফপ্যান্ট খুলে রেখে ট্রাউজার পরে আসার কথাও বলা হয়। পরে মেট্রোরেলের কন্ট্রোল বোর্ডের এক নারী কর্মকর্তাও তার পোশাক নিয়ে প্রশ্ন করেন এবং ছবি তুলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন বলে জানান তিনি।

তবে মেট্রোরেলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মেট্রোরেলে যাত্রীদের চলাচলের জন্য কোনো নির্ধারিত ড্রেস কোড নেই। কেন পুলিশ সদস্য এমনটি করেছেন, সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর সাজ্জাদকে মেট্রোতে ওঠার অনুমতি দেওয়া হয়। তিনি ফার্মগেট স্টেশনে লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানান। তবে অভিযোগের কোনো কপি তাকে দেওয়া হয়নি এবং অভিযোগের ছবি তুলতেও দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।