রাজধানী ঢাকায় প্রতিদিনই সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিকে কেন্দ্র করে কোথাও জনসমাগম, আবার কোথাও যান চলাচলে প্রভাব পড়তে পারে। তাই দিনের শুরুতেই জেনে নেওয়া যাক, আজ শনিবার (২৮ নভেম্বর) রাজধানীতে উল্লেখযোগ্য যেসব কর্মসূচি রয়েছে।

রাজারবাগ পুলিশ হাসপাতাল ও বিজিবি হাসপাতাল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এরপর দুপুর ১২টায় পিলখানায় বিজিবি হাসপাতাল পরিদর্শন করবেন তিনি।

আজিমপুরে পথপ্রাণীদের টিকাদান ও সচেতনতামূলক কর্মসূচি

সকাল ১০টায় রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কলোনির জোন-বিতে পথকুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান, জনসচেতনতামূলক প্রচারণা, লিফলেট বিতরণ ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

পথকুকুরের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ এবং পথপ্রাণীদের খাবার দেওয়াকে কেন্দ্র করে হেনস্তা ও হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরবর্তী সময়ে বন্ধ্যাকরণ কার্যক্রমও পরিচালনা করা হবে। প্রাণিকল্যাণ আইন-২০১৯ বাস্তবায়ন এবং মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

নাশকতা রোধে আলোচনা সভা

বিকেল সাড়ে ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘নাশকতা রোধে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জাতীয় নেতারা উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

ডিএনসিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে নৌকাবাইচ

দুপুর আড়াইটায় রাজধানীর হাতিরঝিলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হবে। বিকেল ৫টা পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিযোগীরা অংশ নেবেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

কিডনি রোগ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে ‘২০তম আইএফকেএফ-ডব্লিউকেএ সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।