জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (৫ অক্টোবর) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রোববার (৪ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বৈরী আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা কর্তন করা হবে। এ কারণে সকাল ৭টা থেকে সাড়ে ১০টা এবং সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই ধাপে সাড়ে ৩ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ১১ কেভি মিশন ফিডারের আওতাধীন হড়গ্রাম বাজার, ভেড়ীপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল, রাজপাড়া ও চন্ডিপুর এলাকায় বিদ্যুৎ থাকবে না।

citytouch 728-X-90

অন্যদিকে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১১ কেভি প্যারামেডিকেল ফিডারের আওতাধীন প্যারামেডিকেল, লক্ষ্মীপুর, কাজিহাটা, ল্যাবরেটরি স্কুলের পশ্চিম এলাকা, লক্ষ্মীপুর বাগানপাড়া, চন্ডিপুর, রাজপাড়া থানা ও প্রেসক্লাবের গলি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।