সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি ব্যাংক শাখায় অডিট চলাকালে শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সালাম (৫০) অতিমাত্রায় কীটনাশকযুক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে মারা গেছেন। এ ঘটনায় অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে গেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালামের মৃত্যু হয়।

আব্দুস সালাম নিমগাছী শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি নিমগাছী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

citytouch 728-X-90


সহকর্মী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শাখাটিতে কয়েক দিন ধরে অডিট কার্যক্রম চলছিল। এ সময় আব্দুস সালাম মানসিক চাপ ও হতাশার মধ্যে ছিলেন বলে তারা জানান। মঙ্গলবার সন্ধ্যায় তিনি অতিমাত্রায় কীটনাশকযুক্ত দুটি গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও সহকর্মীরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।


শাখার এক কর্মী জানান, অডিট চলাকালে আব্দুস সালামকে হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। বিষয়টি জানতে চাইলে তিনি হতাশা প্রকাশ করেন এবং পরে গ্যাস ট্যাবলেট সেবনের কথা জানান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর অডিট কমিটির সদস্যদের ব্যাংকের কর্মী ও স্থানীয়রা অবরুদ্ধ করে রাখেন বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে যায়।


তবে অডিটের চাপের কারণে আব্দুস সালাম এ ঘটনা ঘটিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তার পরিবারের সদস্যদের বক্তব্যও পাওয়া যায়নি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অডিট কমিটির তিন সদস্যকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।