অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক রেজাউল করিম রনির নামে একটি নেইমপ্লেটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কয়েকটি ফেসবুক পোস্টে দাবি করা হয়, নেইমপ্লেটটি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একটি কক্ষের, যেখানে বসেন রেজাউল করিম রনি। তবে বিটিভিতে নিজের নামে কোনো কক্ষ থাকার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

ছবিটি বিটিভি ভবনে তোলা হয়েছে বলে একাধিক সূত্রের বরাতে জানা গেছে। ছবিটির মূল ফাইলের মেটাডাটা যাচাই করেও সেটি বিটিভি ভবনে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়ার দাবি করেছেন অনুসন্ধানকারীরা। ছবিটি যিনি তুলেছেন, তিনি বিটিভির একজন কর্মকর্তা বলে জানানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি মূল ছবির মেটাডাটা যাচাই করতে সম্মতি দেন।

বিটিভির মহাপরিচালক কাজী জেসিন জানিয়েছেন, একটি অনুষ্ঠানের গবেষণার কাজে রেজাউল করিম রনিকে ফ্রিল্যান্সার হিসেবে যুক্ত করা হয়েছে। এ জন্য তিনি বিটিভিতে আসেন এবং একটি কক্ষে অন্য চারজনের সঙ্গে বসে কাজ করেন।

কাজী জেসিন বলেন, বিটিভির কোনো অনুষ্ঠানের প্রয়োজনে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে দিয়ে কাজ করানো হয়। একটি অনুষ্ঠানের গবেষণার জন্য রেজাউল করিম রনিকে ফ্রিল্যান্সার হিসেবে রাখা হয়েছে। তিনি সেখানে আসেন এবং একটি কক্ষে পাঁচজন একসঙ্গে বসেন। তবে এটি কোনো চুক্তিভিত্তিক নিয়োগ নয় বলেও জানান তিনি।

এ ছাড়া বিটিভির অন্তত দুটি সূত্র জানিয়েছে, রেজাউল করিম রনির নামযুক্ত নেইমপ্লেটের ছবিটি বিটিভি ভবনে তোলা হয়েছে।

একটি সূত্রের দাবি, বিটিভির ১২ তলা প্রধান ভবনের পঞ্চম তলায় একটি কক্ষে বসেন রেজাউল করিম রনি। একই তলায় মহাপরিচালক কাজী জেসিনের কক্ষ। প্রায় এক মাস ধরে রনি সেখানে বসছেন বলে সূত্রটি জানায়।

সূত্রটির ভাষ্য অনুযায়ী, ওই কক্ষটি আগে বিটিভির পরিচালক (প্রশাসন)-এর ছিল। বর্তমানে পদটিতে কেউ দায়িত্বে নেই। রনি ওই কক্ষে বসেন—বিষয়টি বিটিভির কর্মীদের জানা বলেও দাবি করেছে সূত্রটি।

সাধারণত বিটিভির বিভিন্ন কক্ষে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম ও পদবি উল্লেখ থাকে। এমনকি তাঁদের গ্রেডের তথ্যও দেওয়া থাকে। তবে রেজাউল করিম রনির কক্ষের সামনের নেইমপ্লেটে শুধু নাম রয়েছে, পদবি উল্লেখ নেই বলে সূত্রটি জানিয়েছে।

অন্যদিকে, নিজের নামে বিটিভিতে কোনো কক্ষ থাকার বিষয়টি অস্বীকার করেছেন রেজাউল করিম রনি। ভাইরাল ছবিটি বিটিভিতে তোলা কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নেইমপ্লেটটি তাঁর এবং সেটি তাঁর অফিসের ছবি।

তাঁর সম্পাদিত ‘জবান’ পত্রিকার কার্যালয়ে ছবিটি তোলা হয়েছে কি না, জানতে চাইলে তিনি শুধু বলেন, ‘আমার অফিসে।’

বিটিভিতে তাঁর নামে কোনো কক্ষ নেই এবং তিনি সেখানে বসেন না কি না—এমন প্রশ্নের জবাবে রনি বলেন, তিনি বিটিভিতে চাকরি করেন না বা সেখানে আনুষ্ঠানিকভাবে যোগ দেননি। তবে তিনি নিয়মিত বিটিভিতে যান, বসেন এবং কাজ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার বিটিভিতে যাওয়া হয় এবং তিনি নিয়মিত সেখানে অনুষ্ঠান করেন।

শেষ পর্যন্ত বিটিভিতে নিজের নামে কোনো কক্ষ নেই এবং সেখানে বসেনও না—এমন প্রশ্নে তিনি সম্মতি জানান।