নোয়াখালীর কোম্পানীগঞ্জে মধ্যরাতে সড়কে অগ্নিসংযোগ ও গাছ কেটে ফেলে অবরোধের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে জানা গেছে।

শনিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে বসুরহাট পৌরসভার বসুরহাট-দাগনভূঞা ও বসুরহাট-চৌধুরীহাট সড়কে এসব ঘটনা ঘটে। রোববার সকালে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

জানা যায়, বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামে বসুরহাট-দাগনভূঞা সড়কে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের নেতা ওয়াসিম ও ফারুক ওরফে হাতকাটা ফারুকের নেতৃত্বে ৫-৬ জন সড়কে আগুন জ্বালিয়ে স্লোগান দেন। এ সময় তারা আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে তা ফেসবুক পেজে প্রকাশ করেন।

অন্যদিকে, একই রাতে বসুরহাট-চৌধুরীহাট সড়কে দুর্বৃত্তরা গাছ কেটে ফেলে রেখে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে গাছ সরানোর ব্যবস্থা করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বলতে শোনা যায়, তারা নেতা আবদুল কাদের মির্জার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছেন এবং তাঁর নেতৃত্বেই কর্মসূচি সফল করেছেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। নাশকতা ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।