বরগুনার আমতলী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় নিজের মেজো ছেলে রাহাত মৃধা (২৫)কে এফিডেভিটের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা ইদ্রিস মৃধা। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে ছেলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার হলফনামা করেন তিনি। বিষয়টি রোববার (২৯ নভেম্বর) জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এফিডেভিটে ইদ্রিস মৃধা উল্লেখ করেন, রাহাত তার মেজো ছেলে। তাকে লালন-পালন করে প্রতিষ্ঠিত করলেও বর্তমানে তিনি নিজের ইচ্ছা ও খেয়ালখুশিমতো চলাফেরা করেন। রাজনৈতিক অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত হতে নিষেধ করলেও ছেলে তার কথা শোনেননি। ভালোভাবে চলার পরামর্শ দিলে রাহাত তার ওপর ক্ষিপ্ত হন। এতে আরও বলা হয়, রাহাত সমাজের আচার-আচরণ ও নিয়মনীতি মানেন না এবং কারও কথার তোয়াক্কা করেন না। ভবিষ্যতের কথা চিন্তা করে তার সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন ইদ্রিস মৃধা।
ইদ্রিস মৃধা বলেন, ‘আমি কখনো রাজনীতি করিনি। ছেলেকেও এসব থেকে বিরত থাকতে বলেছি। কিন্তু সে আমার কথা শোনে না। তার কারণে আমাকে অনেক হয়রানির শিকার হতে হয়েছে। সে কারও কথার তোয়াক্কা না করে নিজের ইচ্ছেমতো চলে। তাই নিজের বাকি জীবনের ভবিষ্যতের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছি।’
এ বিষয়ে রাহাত মৃধা বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমাকে ত্যাজ্য করলেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও আমার কোনো সমস্যা নেই।’









