সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষের বদলির দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে; প্রায় এক ঘণ্টা অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা অর্থ আত্মসাৎ করেছেন অধ্যক্ষ। এ ছাড়া রাসায়নিক সামগ্রী কেনার জন্য বরাদ্দ করা অর্থেরও যথাযথ হিসাব দিতে পারেননি তিনি। এসব অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষের বদলিসহ আট দফা দাবিতে গত ১৮ দিন ধরে আন্দোলন করছেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষের বদলি চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে আজকের মতো কর্মসূচি থেকে সরে এসেছি। তবে আজকের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আমরা অসহযোগ আন্দোলনে যাব।’ শিক্ষার্থী তাওহিদুল হাসান তামিম বলেন, জানুয়ারি মাসে আমাদের পরীক্ষা। কিন্তু নিয়মিত ক্লাস না হওয়ায় আমরা কীভাবে ভালোভাবে পড়াশোনা করবো? আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী তাওহিদুল হাসান তামিম, রেজাউল হক লিটন, তৌফিকুল নাসিম, হাফিজুর, শান্ত ও সাকিব খানসহ অন্য শিক্ষার্থীরা অধ্যক্ষের বদলির দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা আপাতত কর্মসূচি প্রত্যাহার করেছেন।









