যুক্তরাষ্ট্রে ভ্রমণের যাবতীয় খরচ বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ ভিসা সাক্ষাৎকারের সময় সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ননইমিগ্রেন্ট ভিসার আবেদনকারীদের এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সাক্ষাৎকারে উপস্থিত হতে বলা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে দূতাবাসের আনুষ্ঠানিক ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ পরামর্শ জানানো হয়।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজের সব ধরনের ব্যয় বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে। ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন দেখা দিলে সেই খরচ বহনের সক্ষমতাও নিশ্চিত করতে হবে।
ভিসা সাক্ষাৎকারে যথাযথ প্রস্তুতি নিয়ে আসার ওপরও গুরুত্ব দিয়েছে দূতাবাস। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভর করতে হবে না এমন প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন অভিবাসন পরিভাষায় সরকারি সহায়তার ওপর এ ধরনের নির্ভরশীলতাকে ‘পাবলিক চার্জ’ বলা হয়।
উল্লেখ্য, দূতাবাসের পোস্টের সঙ্গে দেওয়া গ্রাফিকটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের; এর শিরোনাম ‘অ-অভিবাসী ভিসা অনুস্মারক’। অর্থাৎ এটি নতুন কোনো নিয়ম নয় ননইমিগ্রেন্ট ভিসার আবেদনকারীদের জন্য নিয়মিত অনুস্মারক হিসেবেই বার্তাটি দেওয়া হয়েছে।









