বিএনপি চাইলে গোপালগঞ্জ ছারখার করে দিতে পারত, তবে দলটি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশে দুলু বলেন, সাতক্ষীরায় আওয়ামী লীগ পাখির মতো জামায়াতের নেতাকর্মীদের গুলি করে হত্যা করে এলাকাটি ছারখার করেছিল। বিএনপি চাইলে গোপালগঞ্জও ছারখার করে দিতে পারত; কিন্তু বিএনপি কখনো খুনের রাজনীতি, হত্যার রাজনীতি কিংবা গণতন্ত্রকে বিপন্ন করার রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি বলেন, গোপালগঞ্জ ও মাদারীপুরে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে থানা পুড়িয়ে দিয়েছে, পরিষদ উড়িয়ে দিয়েছে এবং প্রশাসনের সরকারি প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে দিয়েছে; এরপরও রাষ্ট্র ধৈর্যের পরিচয় দিচ্ছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তুলে দুলু বলেন, গত ১৭ বছরে দেশের অর্থনীতি, ব্যাংক ও শিল্পকারখানাসহ এমন কোনো খাত নেই, যেটি আওয়ামী লীগ ধ্বংস করেনি। লুটপাটের মাধ্যমে অর্জিত অর্থ দুবাই, ভারত, কানাডাসহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে; সেই লুটের টাকা দিয়ে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি।
শেখ হাসিনার সমালোচনা করে দুলু বলেন, শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, ততদিন বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না; যতদিন তিনি বেঁচে থাকবেন, ততদিন বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়। আগামী ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ এলাকায় পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি; সন্ত্রাসীদের ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।









