রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর একটি সোনার দোকান থেকে প্রায় দুই হাজার ভরি গয়না চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদও নিয়ে যায় দুর্বৃত্তরা।

জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর তালা কেটে দোকানে ঢুকে স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা; তালা কাটার বৈদ্যুতিক যন্ত্রটি দোকানে ফেলে যায় তারা। মালিক অমিত ঘোষের দাবি, চুরি যাওয়া গয়নার মধ্যে সোনা, রুপা ও হীরার গয়না রয়েছে।

এ ঘটনায় নিরাপত্তাকর্মীদের যোগসাজশের সন্দেহ করছে পুলিশ। ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে, শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন; বাকি চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে; তাদের সঙ্গে আরও দুজন অপরিচিত ব্যক্তি ছিলেন। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করতে দেখা গেছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে; পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল সেখানে গিয়ে আলামত সংগ্রহ করছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে; জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, একই কৌশলে কয়েক বছর আগেও চুরির চেষ্টা হয়েছিল সেবার নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়; একজন অচেতন হয়ে পড়লেও বিষয়টি দোকানমালিকের নজরে আসায় চুরি করতে পারেনি দুর্বৃত্তরা।