রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া ব্রুমার কনসার্টের রেশ কাটতে না কাটতেই ঢাকাবাসীর জন্য বড় চমকের আভাস দিলেন আয়োজক নাঈম আশরাফ। ই-মেকার্স বাংলাদেশের এই কর্ণধার জানিয়েছেন, ২০২৭ সালের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে কলম্বিয়ান পপ সংগীতশিল্পী শাকিরাকে আনার পরিকল্পনা করছেন তারা। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান তিনি।

শুক্রবার রাত ৯টার দিকে মাদানী অ্যাভিনিউয়ে ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টের মঞ্চে ওঠেন ওটিলিয়া। শুরুতেই তাঁর সবচেয়ে জনপ্রিয় গান ‘বিলিওনেরা’ পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন তিনি; প্রায় এক ঘণ্টা ধরে একের পর এক জনপ্রিয় গান, নাচ আর প্রাণবন্ত পরিবেশনায় মঞ্চ মাতিয়ে রাখেন। পরিবেশনার শেষ পর্যায়ে শাকিরার বিশ্বখ্যাত গান ‘ওয়াকা ওয়াকা’ও পরিবেশন করেন তিনি।

নাঈম আশরাফের মতে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী এপ্রিলে ঢাকায় দেখা মিলতে পারে বিশ্বসংগীতের এই খ্যাতিমান পপ তারকার। ওটিলিয়ার কনসার্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানের পৃষ্ঠপোষক, সাংবাদিক, সরকার, প্রশাসন ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তবে শাকিরার ঢাকা কনসার্টে অংশ নেওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। আয়োজকদের পক্ষ থেকেও কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, টিকিট বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি; আপাতত বিষয়টি আয়োজকের পরিকল্পনা পর্যায়েই রয়েছে। উল্লেখ্য, এর আগেও ২০১৪ সালে ঢাকায় শাকিরার কনসার্টের ঘোষণা এসেছিল পরে পৃষ্ঠপোষকতা জটিলতায় তা পেছানো হয়, শেষ পর্যন্ত আর হয়নি।