এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের নিয়ে ঢাকায় শুরু হয়েছে এভিয়েশন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ক্যারিয়ার সামিট ২০২৬। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন অডিটরিয়ামে (পর্যটন ভবন) দ্বিতীয়বারের মতো এই সামিটের আয়োজন করেছে সামনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (সাটি)।

সামিটের প্রথম অধিবেশনে চলছে প্রশিক্ষণ কর্মসূচি। বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া এই পর্বে জিডিএস প্রশিক্ষণ, ভিসা পরামর্শ ও মেন্টরশিপ, ট্যুর পরিকল্পনা ও প্যাকেজ তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এয়ার টিকিটিং ও রিজার্ভেশন, ভিসা প্রক্রিয়াকরণ, ট্যুর গাইডিং, ডিজিটাল মার্কেটিং এবং ভ্রমণ ও পর্যটনে এআইয়ের ব্যবহার নিয়েও আলোচনা হচ্ছে।

সন্ধ্যা ৭টায় শুরু হবে সামিটের দ্বিতীয় অধিবেশন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। গেস্ট অব অনার হিসেবে থাকবেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সচিব ও নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী; বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান ও ট্যুরিস্ট পুলিশের প্রধান জি এম আজিজুর রহমান।

সামিটে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে অংশগ্রহণের সনদ, ইউএস-বাংলা এয়ারলাইনস ও টার্কিশ এয়ারলাইনসের সৌজন্যে বিমান টিকিটের লাকি ড্র এবং সেরা শিক্ষার্থী ও সেরা কর্মী পুরস্কার। আয়োজনে সহযোগিতা করছে ট্যুরিজম নিউজ; সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন। সামিটের সভাপতিত্ব করছেন সামনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মহিউদ্দিন সেলিম।