বৈরী আবহাওয়ায় নৌযান চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকে পড়ে দুর্ভোগে পড়েন প্রায় দেড় হাজার পর্যটক। পরে আবহাওয়া কিছুটা অনুকূলে এলে শনিবার (২১ নভেম্বর) প্রশাসনের অনুমতি নিয়ে ১৬টি সার্ভিস ট্রলারে প্রায় ৬০০ থেকে ৭০০ পর্যটক টেকনাফের শাহপরীর দ্বীপে ফেরেন। তবে দ্বীপে অবস্থানকালে হোটেল ভাড়া ও খাবারের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন ফিরে আসা পর্যটকেরা।

পর্যটকদের অভিযোগ, বিকল্প ব্যবস্থা না থাকায় অনেককে বাড়তি দামে খাবার কিনতে হয়েছে। এক পর্যটকের দাবি, ২০ টাকার একটি ডিম কিনতে তাঁকে ৫০ টাকা দিতে হয়েছে। অতিরিক্ত দিন থাকতে হওয়ায় আবাসন ও খাবারের খরচ বেড়ে যায়। কারও কারও সঙ্গে থাকা টাকাও শেষ হয়ে যায়। তবে কিছু হোটেল মালিক ভাড়ায় ছাড় দিয়েছেন এবং কয়েকজন ব্যবসায়ী কম দামে খাবারের ব্যবস্থা করেছেন বলেও জানান পর্যটকেরা।

আটকে পড়া পর্যটকদের অভিযোগ, ছোট কাঠের ট্রলারে উত্তাল সাগর পাড়ি দিয়ে ফেরার সময় দুর্ঘটনার আশঙ্কা ছিল। এদিকে আবহাওয়া অনুকূলে আসায় রোববার থেকে বড় জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে। দ্বীপে থাকা বাকি পর্যটকদেরও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও আটকা

আটকে পড়া পর্যটকদের মধ্যে ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের ৩৮ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা। তাঁদের মধ্যে ৩০ জন শিক্ষার্থী, পাঁচজন শিক্ষক ও তিনজন কর্মকর্তা রয়েছেন। নির্ধারিত সময়ে ফিরতে না পারায় তাঁদের কোর্স ট্যুরের বাজেটেও চাপ পড়ে।

এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৫ জন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩১ জন শিক্ষক-শিক্ষার্থী দ্বীপে আটকা পড়েন। জাবিপ্রবির এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। দ্বীপে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাঁকে টেকনাফে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

প্রভাষক হোসাইন মাহমুদ বলেন, বুধবার রাতে তাঁদের জানানো হয়, বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে। পরে শুক্রবারও জাহাজ চলাচল বন্ধের খবর দেওয়া হলে তাঁরা বিপাকে পড়েন।

হোটেল ভাড়া কমানোর নির্দেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠে। ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারির পর গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে প্রশাসন। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।

প্রশাসন পর্যটকদের দুর্ভোগ কমাতে স্থানীয় হোটেল ও রিসোর্ট মালিকদের বিনা মূল্যে অথবা অর্ধেক ভাড়ায় থাকার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল। তবে অনেক প্রতিষ্ঠান সেই নির্দেশনা মানেনি বলে অভিযোগ করেছেন পর্যটকেরা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। হোটেল-রিসোর্ট মালিকদের বিনা মূল্যে অথবা অর্ধেক ভাড়ায় থাকার ব্যবস্থা করতে বলা হয়েছে। খাবার ও অন্যান্য সেবায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।