মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা আজ শনিবার এ তথ্য জানিয়েছেন। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল তাঁর; প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে। ঢাকা সফর শেষে তাঁর থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। সফরের নতুন তারিখ এখনো জানানো হয়নি।
বৈঠকের আলোচ্যসূচিতে অভিবাসী কর্মী নিয়োগ ও তাঁদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো থাকার কথা ছিল। গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল; সফরকালীন তাঁকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করা হয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো বিদেশি সরকারপ্রধানের এটিই হতে যাচ্ছিল প্রথম দ্বিপক্ষীয় সফর।
আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান; দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর। এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর ঢাকা সফর করেন আনোয়ার ইব্রাহিম; ওই সময় তিনি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।









