ব্যাংকিংয়ের জটিল হিসাব থেকে জীবনের দর্শন, নেতৃত্বের কৌশল থেকে প্রথম প্রেম। এমনই বৈচিত্র্যময় সব বিষয় নিয়েই ছয়টি বই লিখেছেন ব্যাংকার, উন্নয়ন গবেষক, লেখক ও প্রশিক্ষক এম এম মাহবুব হাসান। পেশাগত জীবনে তিনি প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান। কিন্তু ব্যাংকের দায়িত্বের বাইরেও তাঁর রয়েছে দীর্ঘ গবেষণা, উন্নয়নকর্ম ও প্রশিক্ষণের অভিজ্ঞতা। ২০০৩ সালে উন্নয়নকর্মী হিসেবে কর্মজীবন শুরু করা এই লেখক দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও চিন্তাভাবনাকে জায়গা দিয়েছেন বইয়ের পাতায়। তাঁর ছয়টি বইয়ে উঠে এসেছে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, আত্মঅনুসন্ধান, সামাজিক সম্পর্ক, নেতৃত্ব, কর্মদক্ষতা এবং ভালোবাসার ভিন্ন ভিন্ন গল্প।

১. দ্য গ্র্যান্ডফাদার কনসেপ্ট অব পারসোনাল মানি ম্যানেজমেন্ট: পারসোনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং—দ্য সেভেন স্টেজেস অব লাইফ

মাস শেষে আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাওয়া মানুষের জন্য বইটি হতে পারে কার্যকর দিকনির্দেশনা। লেখকের নিজস্ব ‘গ্র্যান্ডফাদার কনসেপ্ট’-এর আলোকে মানুষের জীবনকে সাতটি পর্যায়ে ভাগ করে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার কৌশল তুলে ধরা হয়েছে। জীবনের কোন পর্যায়ে কীভাবে সঞ্চয়, বিনিয়োগ ও আর্থিক পরিকল্পনা করা প্রয়োজন, তা সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন তিনি। ব্যাংকিং ও উন্নয়ন খাতের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে দৈনন্দিন জীবনের উদাহরণ যুক্ত করে দেখিয়েছেন, সময়মতো নেওয়া ছোট আর্থিক সিদ্ধান্তই ভবিষ্যতে বড় নিরাপত্তা তৈরি করতে পারে।


ব্যাংকার থেকে লেখক, ছয়টি বইয়ে বাজিমাত করলেন এম এম মাহবুব হাসান!


২. আলোর পথযাত্রী

জীবনের গভীর প্রশ্ন, নৈতিকতা ও আত্মঅনুসন্ধানে আগ্রহীদের জন্য এই বই। সাতটি স্তম্ভে সাজানো হয়েছে এর বিষয়বস্তু, সৃষ্টির রহস্য, হৃদয়ের আলো, ন্যায়ের ডাক, ধৈর্যের সিঁড়ি, ভালোবাসার মহিমা, জ্ঞানের প্রদীপ ও জীবনের যাত্রা। দর্শন, নৈতিক শিক্ষা এবং আর্থিক অন্তর্ভুক্তি ও উন্নয়নের বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে লেখক তুলে ধরেছেন জীবনের নানা উপলব্ধি। প্রতিটি অধ্যায়ের শেষে রয়েছে স্মরণীয় নীতিবাক্য, যা পাঠককে নিজের জীবন ও সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে উৎসাহিত করবে।


ব্যাংকার থেকে লেখক, ছয়টি বইয়ে বাজিমাত করলেন এম এম মাহবুব হাসান!


৩. প্রথম প্রেমের স্পর্শ (A Touch of First Love)

ব্যাংকার ও গবেষক পরিচয়ের বাইরে লেখকের আরেকটি সত্তা প্রকাশ পেয়েছে এই উপন্যাসে। প্রথম প্রেমের স্মৃতি, আবেগ ও অনুভূতির গল্প নিয়ে ২০২৫ সালে ঢাকা টাইমসে ১৪ পর্বে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল উপন্যাসটি। পাঠকদের কাছ থেকেও পেয়েছিল সাড়া; এমনকি একজন পাঠকের চিঠিও স্থান পেয়েছিল ধারাবাহিকে। ২০২৬ সালের ডিসেম্বরে বই আকারে প্রকাশিত হওয়ার কথা রয়েছে উপন্যাসটির। লেখক এটি উৎসর্গ করেছেন তাঁর জীবনসঙ্গিনীকে। স্মৃতির ভাঁজে জমে থাকা প্রথম ভালোবাসার অনুভূতি যাঁরা খুঁজে বেড়ান, তাঁদের জন্য বইটি হতে পারে আবেগঘন পাঠ।


ব্যাংকার থেকে লেখক, ছয়টি বইয়ে বাজিমাত করলেন এম এম মাহবুব হাসান!


৪. ইমপ্যাক্টফুল সোশ্যাল রিলেশনশিপস: সম্পর্কের বিনিয়োগে গড়ে উঠুক তরুণের ভবিষ্যৎ

শুধু শিক্ষাগত যোগ্যতা কিংবা পেশাগত দক্ষতাই কি সাফল্যের জন্য যথেষ্ট? এই প্রশ্নের উত্তর খুঁজেছে বইটি। লেখকের উদ্ভাবিত ‘ইমপ্যাক্টফুল সোশ্যাল রিলেশনশিপস’ বা আইএসআর ধারণার মাধ্যমে তুলে ধরা হয়েছে আস্থা, সততা ও সহযোগিতার ভিত্তিতে কার্যকর সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, অভিভাবক ও শিক্ষকদের জন্য বইটিতে রয়েছে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা। সঠিক মানুষের সঙ্গে সুস্থ সম্পর্ক কীভাবে ব্যক্তিগত উন্নয়ন ও পেশাগত জীবনে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে, তা ব্যাখ্যা করেছেন লেখক।


ব্যাংকার থেকে লেখক, ছয়টি বইয়ে বাজিমাত করলেন এম এম মাহবুব হাসান!


৫. দ্য সিইও ভার্সেস দ্য 'সি-ই-ও': এন্ডিং দ্য ইনভিজিবল পাওয়ার স্ট্রাগল টু সেভ অর্গানাইজেশনস

একটি প্রতিষ্ঠানের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা সব সময় বাইরের প্রতিযোগী নয়; কখনো প্রতিষ্ঠানের ভেতরেই তৈরি হয় অদৃশ্য প্রতিবন্ধকতা। এই ধারণা থেকেই ইংরেজিতে লেখা নেতৃত্ববিষয়ক বইটি সাজিয়েছেন লেখক। তাঁর পর্যবেক্ষণে, প্রতিষ্ঠানে একজন চিফ এক্সিকিউটিভ অফিসারের পাশাপাশি অদৃশ্য আরেকজন ‘চিফ এক্সকিউজ অফিসার’ও থাকেন, যিনি নানা অজুহাতে কাজের গতি আটকে দেন। বইটিতে রয়েছে লেখকের নিজস্ব ভিইই ফ্রেমওয়ার্ক, ভিশন, এক্সকিউজ ও এক্সিকিউশন। পাশাপাশি তুলে ধরা হয়েছে গঠনমূলক ভিন্নমত এবং ধ্বংসাত্মক প্রতিরোধের পার্থক্য। এ ধারণা তিনি এআই৪বিটি গ্লোবাল সামিটেও উপস্থাপন করেছেন।


ব্যাংকার থেকে লেখক, ছয়টি বইয়ে বাজিমাত করলেন এম এম মাহবুব হাসান!


৬. লিডারশিপ ডেভেলপমেন্ট ইফেক্টিভনেস

একই প্রতিষ্ঠানে কাজ করেও কেউ সাফল্যের শীর্ষে পৌঁছান, আবার কেউ পিছিয়ে পড়েন। কেন এই পার্থক্য? সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা রয়েছে বইটিতে। লেখকের নিজস্ব ‘লিডারশিপ ডেভেলপমেন্ট ইফেক্টিভনেস’ ধারণার ভিত্তিতে সাজানো হয়েছে চারটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, সেলস চ্যাম্পিয়নশিপ, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, কার্যকর যোগাযোগ ও কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। বিশেষ করে ফ্রন্টলাইনার, রিলেশনশিপ ম্যানেজার ও বিক্রয়কর্মীদের দক্ষতা বাড়াতে বইটি ব্যবহারিক নির্দেশনা দেয়। একজন সাধারণ কর্মীকে কীভাবে পরিকল্পিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে শীর্ষ পারফরমারে পরিণত করা যায়, সেটিই এর মূল আলোচ্য। বইটিকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবই হিসেবেও ব্যবহারের পরিকল্পনা রয়েছে লেখকের।


ব্যাংকার থেকে লেখক, ছয়টি বইয়ে বাজিমাত করলেন এম এম মাহবুব হাসান!


অভিজ্ঞতা থেকে বইয়ের পাতায়

ছয়টি বইয়ের বিষয়বস্তু আলাদা হলেও প্রতিটির কেন্দ্রে রয়েছে মানুষের জীবনকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তোলার চিন্তা। কোথাও আর্থিক নিরাপত্তার পথ দেখানো হয়েছে, কোথাও নেতৃত্ব ও পেশাগত দক্ষতার পাঠ, আবার কোথাও উঠে এসেছে জীবনদর্শন ও ভালোবাসার অনুভূতি। আত্মবিশ্বাস, অধ্যবসায়, নিরন্তর শেখা, প্রচলিত চিন্তার বাইরে ভাবা এবং মানুষের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তোলার বার্তাই ছড়িয়ে আছে বইগুলোতে।

ব্যাংকার হিসেবে অর্জিত অভিজ্ঞতা, গবেষক হিসেবে করা পর্যবেক্ষণ এবং প্রশিক্ষক হিসেবে মানুষের সঙ্গে কাজ করার বাস্তবতা, সবকিছুর সমন্বয় ঘটেছে এম এম মাহবুব হাসানের লেখায়। ছয়টি বইয়ের মাধ্যমে তিনি পাঠকের সামনে তুলে ধরেছেন ছয় ধরনের চিন্তার জগৎ। উল্লেখ্য, বই ছয়টির প্রকাশক ঢাকার রিসার্চ ইনিশিয়েটিভ ফর পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট (আরআইপিডি)।