মা কারাগারে বন্দি থাকা অবস্থায় চিকিৎসা ও পরিচর্যার অনিশ্চয়তার মধ্যেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্য। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মারা যায় সে। সন্তানের মরদেহ শেষবার দেখতে মায়ের প্যারোল চেয়েছিল পরিবার; কিন্তু তা মেলেনি বলে দাবি পরিবারের সদস্যদের। ফলে তার মরদেহই নেওয়া হলো কাশিমপুর নারী কারাগারে।

তূর্যের মা শারমিন সুলতানা শর্মী (৪৪)। রাজধানীর লালবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত ৪ অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। তিনি ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

গ্রেপ্তারের পর সেদিন যখন তাঁকে আদালতে তোলা হচ্ছিল, কাঁদছিলেন তিনি। বারবার বলছিলেন, তাঁর একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে, যাকে নিয়মিত ওষুধ খাওয়াতে হয়; বাবা-মা ছাড়া শিশুটিকে দেখার কেউ নেই। শর্মীর সেই কান্নার ভিডিও সেসময় ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রতিবন্ধী সন্তান থাকায় মানবিক বিবেচনায় তাঁকে মুক্তির দাবিও সেসময় ওঠে; তবে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে শর্মীর স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, সন্তানের মরদেহ নিয়ে কাশিমপুর নারী কারাগারে যাচ্ছেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল গো ভাই। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি এখন কাকে নিয়ে থাকব।’ ‘ওর মাকে তো মুক্তি দিল না, তাই তূর্যকেই নিয়ে যাচ্ছি মায়ের কাছে।’ আজ আসরের নামাজের পর আজিমপুর ছাপড়া মসজিদে তূর্যর জানাজা শেষে মোহাম্মদপুর কবরস্থানে তার দাদার কবরের পাশে দাফন করা হবে বলে জানান তিনি।