কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে দুপুরের খাবারে চিংড়ি খাওয়ার পর শ্বাসকষ্ট শুরু হয়ে মারা গেছেন পর্যটক মোহাম্মদ ইব্রাহিম (২২)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে দুপুরের খাবারের সঙ্গে চিংড়ি মাছ খান ইব্রাহিম। এর কিছুক্ষণ পরই তিনি অস্বস্তি ও তীব্র শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন। পরে তাঁকে দ্বীপের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়; অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বিকেল ৩টার দিকে স্পিডবোটে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সেন্টমার্টিন হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান বলেন, ইব্রাহিমকে হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা চিকিৎসকদের জানিয়েছেন, আগে থেকেই অ্যানাফাইল্যাক্টিক শক বা তীব্র অ্যালার্জিজনিত শকের সমস্যা ছিল তাঁর। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ইব্রাহিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
নিহত ইব্রাহিমের বন্ধু মো. শিয়াম বলেন, ‘সেন্টমার্টিন বাজারে হোটেলে দুপুরের খাবারে চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ইব্রাহিম। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বন্ধুকে বাঁচানো যায়নি।’ টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী বলেন, ভ্রমণে এসে একজন পর্যটকের এভাবে মৃত্যু হওয়া অত্যন্ত দুঃখজনক; ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।









