রাজধানীর মোহাম্মদপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসানের আইফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দিলে চাপাতির উল্টো পাশ দিয়ে আঘাত করে তাকে আহত করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে বেড়িবাঁধ এলাকায় ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজারের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাই হওয়া ফোনটি আইফোন ১৭ প্রো ম্যাক্স। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী।

রাফসান জানান, মাস্টার্সের ক্লাসে যাওয়ার জন্য মোহাম্মদপুর তিন রাস্তা থেকে অটোরিকশায় ইউল্যাব ক্যাম্পাসের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে আরেকটি অটোরিকশা তার পথ আটকে দেয়। ওই রিকশায় থাকা চারজন চাপাতি দেখিয়ে তার কাঁধের ব্যাগ ও পকেট থেকে আইফোন ছিনিয়ে নেয়।

ছিনতাইকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে চাপাতির উল্টো পাশ দিয়ে তাকে কয়েকটি আঘাত করা হয়। এতে তার ডান হাতে আঘাত লাগে। পরে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি।

রাফসান ইউল্যাবের মাস্টার্সের শিক্ষার্থী। পাশাপাশি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের রাজনৈতিক দল এনডিএমের সহকারী হিসেবেও কাজ করেন বলে জানা গেছে।

ভুক্তভোগী জানান, বিষয়টি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে জানিয়েছেন। পাশাপাশি থানাকেও অবহিত করেছেন। পুলিশ ছিনতাইয়ে জড়িতদের শনাক্তে কাজ করছে।

শনিবার রাতে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে।