বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশ্ব সরকার সম্মেলন-২০২৭-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। রোববার (২৯ নভেম্বর) পাঠানো এক বিবৃতিতে তিনি এ আমন্ত্রণ জানান। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও দেশের জনগণের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি।

বিবৃতিতে শেখ মোহাম্মদ বলেন, মানবজাতির জন্য আরও উন্নত ভবিষ্যৎ গঠনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন তিনি।

আগামী ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে বিশ্ব সরকার সম্মেলন। ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ বা ‘ভবিষ্যতের সরকারব্যবস্থা গঠন’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আমন্ত্রণ গ্রহণ করেছেন কি না, তা এখনো জানা যায়নি। এর আগে গত ৫ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনালাপে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী; প্রেসিডেন্ট সে আমন্ত্রণ গ্রহণ করেছিলেন।