বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে গাঁজার বড় চালানসহ এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল জেলার গৌরনদী উপজেলার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় কৌশিক (২৫) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে যুক্ত থেকে ঢাকা–কুয়াকাটা রুটে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধার করা গাঁজার চালানটি ওই রুট ব্যবহার করেই পরিবহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের উদ্দেশ্যে গৌরনদী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযানসহ এ ধরনের বিশেষ ও যৌথ অভিযান অব্যাহত থাকবে।







