.png&w=3840&q=75)

সাগরিকায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাটিং তান্ডব চালিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ায় আম্পায়ারের সিদ্ধান্তে ম্যাচ নেমে আসে ১৭ ওভারে। ১৭ ওভারের ম্যাচেই ব্যাটিং ঝড়ে উড়ে গেছে আয়ারল্যান্ডের বোলিং লাইন আপ। ৩ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডকে ২০৩ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। লিটন কুমার দাস টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাসে মাত্র ১৮ বলে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন। এর আগের রেকর্ডটি ছিলো মোহাম্মদ আশরাফুলের ২০ বলে ৫০ রানের রেকর্ড। লিটন তাঁর ক্যারিয়ার সেরা ৮৩ রান করে বেঞ্জামিন হোয়াইট এর বলে আউট হয়েছেন। গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান আরেক ওপেনার রণি তালুকদার মাত্র ৬ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন। দুই ওপেনার মিলে মাত্র ৯.১ ওভারে স্কোরবোর্ডে ১২৪ রান যোগ করেন, যা টি-টোয়েন্টিতে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রানে রেকর্ড। শেষ দিকে সাকিবের ২৪ বলে ৩৮ ও তাওহিদ হৃদয়ের ১৩ বলে ২৪ রানের উপর ভর করে ২০২ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে।



