সাকিবকে অধিনায়ক রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা
হেড অফ ডিজিটাল মিডিয়া


সাকিব আল হাসানকে ক্যাপ্টেন রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াড ঘোষণা করলো বিসিবি। সেই সাথে সাকিবের সহকারী হিসেবে লিটন দাসও তাঁর দ্বায়িত্ব পালন করবেন। যদিও সাকিব-লিটন দুই জনেই আইপিএল এ খেলার জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়েছিলেন। তবে দেশের দায়িত্ব বিবেচনায় দু জনের কাউকেই ছাড় দেয় নি বিসিবি। “সাকিব এনওসি পেয়েছেন” ভিত্তিহীন এমন গুজব শেষ পর্যন্ত মিথ্যা হলো। টেস্ট দলে আবারো ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। ভারতের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট যে খেলে বাংলাদেশ, সে সিরিজে ছিলেন না তামিম। বাঁহাতি ওপেনার সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ঘোষিত ১৪ সদস্যের স্কোয়াডে বাদ পড়েছেন রেজাউর রহমান রাজা, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান। চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় নেই জাকির হাসান। তাঁদের জায়গায় দলে ফিরেছেন তামিমসহ ইয়াসির আলি রাব্বি, সাদমান ইসলাম ও শরিফুল ইসলাম। আগামী ৪ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টেস্ট ম্যাচটি। দুই দলের এটি প্রথম সাদা পোশাকের লড়াই। বাংলাদেশ স্কোয়াডঃসাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।



