

দুর্দান্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ কাটিয়ে আসা তাসকিন ছিলেন দারুণ ছন্দে। টেস্ট খেলতে মুখিয়ে ছিলেন আইরিশদের বিপক্ষে। তবে জন্মদিনে পেয়েছেন এক দুঃসংবাদ! আবারো চোটে পড়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সূত্রে জানা গেছে, আয়ারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে থাকছেন না তাসকিন আহমেদ। তিনি সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় চোট পান তিনি। এ কারণে টেস্ট দলের সঙ্গে তাকে অনুশীলনেও দেখা যায়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তাসকিন আহমেদ। টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৩ ম্যাচে ৮ উইকেট উইকেট শিকার করেছিলেন তাসকিন। তার ইকনোমি রেট ৭ দশমিক ১০। দারুণ ছন্দে ছিলেন ওয়ানডে সিরিজেও। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২ ইনিংসে বল করে ৫ উইকেট শিকার করেন তাসকিন।তবে বার বার চোটে পড়ার কারণে টেস্ট ক্রিকেটে নিয়মিত হতে পারছেন না এই স্পিড স্টার। সাইড স্ট্রেইন থেকে সুস্থ হয়ে সম্পূর্ণভাবে মাঠে ফিরতে অন্তত দুই সপ্তাহ লাগবে বলে জানিয়েছে বিসিবি।


