প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর অবসরের সিদ্ধান্ত পাল্টালেন তামিম
হেড অফ ডিজিটাল মিডিয়া


প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত বদলালেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট দলের এই ওপেনার জানিয়েছেন, দেড় মাস পর ক্রিকেটে ফিরবেন তিনি। খেলবেন এশিয়া কাপ ও বিশ্বকাপে।শুক্রবার (৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামিম ইকবাল। এ সময় তার স্ত্রী, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন। এই সাক্ষাতে আলোচনার পর তামিম ইকবালের অবসর থেকে সরে আসার ঘোষণা আসে।এর আগে, গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা আসে। এরপর থেকেই এ ইস্যুতে দেশের ক্রীড়াঙ্গন সরব। এর মাঝেই গুঞ্জন ওঠে তামিমকে ডিনারে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে তামিমের ঘনিষ্ঠ সূত্রে বিষয়টি গুজব বলে জানা যায়।তবে এর ১২ ঘণ্টা পার না হতেই শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান তামিম। আজ সকালেই চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন তামিম।জানা গেছে, আগামী ১৮ জুলাই পরিবার নিয়ে সময় কাটাতে তিনি দুবাই যাবেন। বিশ্রাম নিয়ে দেড় মাস পর তিনি ফিরবেন ক্রিকেটে।


