রংপুর প্রতিনিধি: জাহিদুল ইসলাম জসিম 


রংপুরের কাউনিয়ায় বাড়ির বাইরে বের হওয়ার পর ফখরুল আলম রতন (৫০) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত ফখরুল আলম রতন হরিচরণ লস্কর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি আগে একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরি করতেন। চাকরি ছেড়ে বর্তমানে বেকার ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।


নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে রতন বাড়ি থেকে বাইরে বের হন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রতনের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।


তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং হামলার পেছনে কোনো পূর্বশত্রুতা ছিল কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে কাউনিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।


কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল বলেন, ‘স্থানীয় পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।