দেশে গত অক্টোবর মাসে নিত্যপ্রয়োজনীয় ১৫ ধরনের পণ্যের দাম গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম, যা আগের মাসের তুলনায় ১১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময়ে সাত ধরনের পণ্যের দাম স্থিতিশীল থাকলেও দুটি পণ্যের দাম কমেছে।
রোববার (৮ নভেম্বর) প্রকাশিত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বাজার পরিস্থিতি-সংক্রান্ত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সরেজমিনে বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা দামের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে মসলা—লবঙ্গ, এলাচ, দারুচিনি ও জিরার দাম গড়ে ১০ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। পেঁয়াজ, রসুন ও আদার দাম বেড়েছে ৭ দশমিক ৭৯ শতাংশ। এ ছাড়া জ্বালানি তেলের দাম ৬ দশমিক ০২ শতাংশ, চিনির ৪ দশমিক ৯৩ শতাংশ, ভোজ্য তেল ও ডালডার ৪ দশমিক ৮০ শতাংশ, আটা-ময়দার ৩ দশমিক ২৫ শতাংশ এবং চালের দাম ২ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
একই সময়ে ডিমের দাম ১ দশমিক ৪২ শতাংশ, মাংসের ০ দশমিক ৩৮ শতাংশ এবং চায়ের দাম ০ দশমিক ১৪ শতাংশ বেড়েছে।
অক্টোবর মাসে সাত ধরনের পণ্যের দাম অপরিবর্তিত ছিল। এসব পণ্যের মধ্যে রয়েছে লবণ, দুগ্ধজাত পণ্য, ব্রাশ ও টুথপেস্ট, চানাচুর ও বিস্কুট, ১১টি ব্র্যান্ডের নিত্যব্যবহার্য ওষুধ এবং খাতা-কলম।
অন্যদিকে, এ সময়ে শাকসবজির দাম ৩ দশমিক ১২ শতাংশ এবং সোনা-রুপার দাম ৪ দশমিক ৭৭ শতাংশ কমেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যশোর, বগুড়া ও রংপুরের বাজারে শীতকালীন শাকসবজি উঠতে শুরু করায় দাম কমেছে। তবে উৎপাদকদের দাবি, কম দামে সবজি বিক্রি করেও তাঁরা উৎপাদন খরচ তুলতে পারছেন না।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বগুড়া ও রংপুরে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৬ থেকে ১২ টাকা, মূলা ৬ থেকে ৮ টাকা, লাউ ৮ থেকে ১০ টাকা এবং কলার হালি ৫ থেকে ৮ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, ঢাকার বাজারে একই পণ্যের দাম তুলনামূলক বেশি। সেখানে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা, পেঁপে ও মূলা ৩০ টাকা, লাউ ৬০ টাকা এবং কাঁচকলার হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত সেপ্টেম্বরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছিল ৩ দশমিক ১৩ শতাংশ। অক্টোবরে বেড়েছে আরও ৪ দশমিক ৩৯ শতাংশ। সব মিলিয়ে দুই মাসে নিত্যপণ্যের দাম বেড়েছে ৭ দশমিক ৫২ শতাংশ।
এ পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। তাদের মতে, পণ্যমূল্য এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে। শুধু বেতন-ভাতা বাড়ালেই চলবে না; বাড়িভাড়া, দোকানভাড়া, শিক্ষা ও চিকিৎসাসহ দৈনন্দিন ব্যয়ও মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।
একই সঙ্গে অতিমুনাফালোভী ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে আইন প্রয়োগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সংগঠনটির প্রত্যাশা, সরকার গ্রামপর্যায়ে উৎপাদিত কৃষিপণ্যের উৎপাদন ও ভোক্তা পর্যায়ের দামের মধ্যে সামঞ্জস্য আনতে কার্যকর বাজার তদারকি জোরদার করবে। পাশাপাশি বাজার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পণ্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদন তৈরিতে রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মেরাদিয়া, আফতাবনগরের ভূঁইয়া বাজারসহ বিভিন্ন বাজার এবং সুপারশপ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা হয়েছে।









