চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কেনা হবে।
এ ছাড়া প্রতি কেজি ৪৯ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী এসব তথ্য জানান।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। আর চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
উল্লেখ্য, গত বছর সরকার প্রতি কেজি ৫০ টাকা দরে সিদ্ধ চাল, ৪৯ টাকা দরে আতপ চাল এবং ৩৪ টাকা দরে ধান সংগ্রহ করেছিল। ওই মৌসুমে মোট ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল।









