দেশের ব্যাংক খাতে বিতরণ করা ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি হয়ে পড়েছে। এসব ঋণের মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ আদায় অনিশ্চিত। মোট খেলাপি ঋণের মাত্র ১০ শতাংশ স্বাভাবিক ঋণঝুঁকির কারণে সৃষ্টি হয়েছে। বাকি ঋণের পেছনে দুর্নীতি, জালিয়াতি, অনিয়ম ও বিভিন্ন ধরনের অপরাধ জড়িত বলে উঠে এসেছে এক গবেষণা প্রতিবেদনে।
খেলাপি ঋণের চাপে ব্যাংকগুলোতে প্রভিশন ও মূলধন ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। এতে ব্যাংক খাতের সংকট আরও গভীর হচ্ছে। খেলাপি ঋণের দায় শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে সাধারণ আমানতকারী, ভালো ব্যবসায়ী ও আর্থিকভাবে সচ্ছল ব্যাংকগুলোকে।
রাজধানীতে আয়োজিত ‘ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি ও নীতি পর্যালোচনা: জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক এক সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন গবেষণা সহকারী নূর ইয়ানা জান্নাত।
প্রতিবেদনে ব্যাংক খাতের সংকট মোকাবিলায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে স্বাধীন ঋণ পর্যালোচনা এবং ২০২৭ সালের মার্চের মধ্যে ব্যাংকভিত্তিক মূলধন পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
যেসব ব্যাংক এসব পদক্ষেপের মাধ্যমে নিজেদের পুনরুদ্ধার করতে পারবে না, সেগুলো অবসায়নের সুপারিশও করা হয়েছে। পাশাপাশি ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের বিপরীতে নগদ আদায়, মূলধন পরিস্থিতি ও গ্রাহকসেবার তথ্য নিয়মিত প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি এখন প্রকট। মূলধন পরিস্থিতি ইতিবাচক অবস্থান থেকে ঋণাত্মক পর্যায়ে নেমে গেছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর সার্বিক মূলধন পরিস্থিতি ছিল ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশ। অথচ ব্যাংকের স্থিতিশীলতার জন্য কমপক্ষে ১০ শতাংশ মূলধন রাখার কথা।
চাহিদার তুলনায় ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি প্রায় ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা। মোট ঋণের মাত্র ৪৪ দশমিক ৮০ শতাংশের বিপরীতে প্রভিশন রয়েছে। বাকি ৫৩ শতাংশের বেশি ঋণের বিপরীতে কোনো প্রভিশন নেই। এতে ব্যাংকগুলোর ঋণঝুঁকি আরও বেড়েছে।
এ ছাড়া ৮৪৫টি মামলায় আদালতের স্থগিতাদেশের কারণে আটকে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের জুনে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। খেলাপি ঋণের বড় অংশ সন্দেহজনক ও মন্দ ঋণ হিসেবে চিহ্নিত। এসব ঋণের ৮০ থেকে ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা অত্যন্ত কম।
সভায় সংগঠনটির প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক। আগামী মার্চের মধ্যেই অতি দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত নেওয়া জরুরি। দেশের অর্থনীতিতে অর্থের জোগানের প্রধান মাধ্যম ব্যাংক হওয়ায় এ খাত দুর্বল থাকলে অর্থনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে।
তিনি বলেন, ব্যাংক খাতে সংকট দেখা দিলে বিদ্যমান মূলধন দিয়ে তা মোকাবিলা করা সম্ভব হবে না। তাই দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
গবেষণা পরিচালক ড. শাহ মো. আহসান হাবিব বলেন, ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক ও উদ্বেগজনক। এর সঙ্গে সামগ্রিক মূলধন পরিস্থিতিও ঋণাত্মক হয়ে পড়েছে। ঋণ থেকে সৃষ্ট ক্ষতি সামাল দিতে যে পরিমাণ মূলধন প্রয়োজন, সেখানেও ঘাটতি রয়েছে।
তিনি বলেন, খেলাপি ঋণের প্রায় ১০ শতাংশ স্বাভাবিক ঋণঝুঁকির কারণে সৃষ্টি হতে পারে। বাকি ঋণের বড় অংশের পেছনে পরিচালনাগত ঝুঁকি, অনিয়ম, জালিয়াতি ও অপরাধের ঘটনা জড়িত। এসব অপরাধ মোকাবিলায় শুধু ব্যাংকের উদ্যোগ যথেষ্ট নয়; সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তাঁর মতে, খেলাপি ঋণের একটি বড় অংশ ইচ্ছাকৃত খেলাপিদের কারণে সৃষ্টি হয়েছে। এসব ঋণের দায় বহন করতে হচ্ছে সাধারণ আমানতকারী, ভালো ব্যবসায়ী ও ভালো ব্যাংকগুলোকে। শেষ পর্যন্ত এর নেতিবাচক প্রভাব পড়ছে পুরো অর্থনীতির ওপর।









