অস্কারের ৯৪তম আসরে ঘটে গেল এক চরম অপ্রীতিকর ঘটনা। গতকাল রোববার ওভ্যাশন হলিউডের ডলবি থিয়েটারে 'পারসুইট অব হ্যাপিনেস'-অভিনেতা যা ঘটালেন তাকে রীতিমত অসভ্যতা বলেও মনে করছেন অনেকেই।
গোটা বিশ্ব যখন টেলিভিশন সেটের দিকে তাকিয়ে, তখন দেখা গেল উইল স্মিথ উঠে গিয়ে সজোরে চড় মারলেন উপস্থাপক এবং কমেডিয়ান ক্রিস রককে।
মঞ্চে উঠে কোনো কথা না বলে ডান হাত দিয়ে কষে ক্রিসের বাঁ-গালে একটি থাপ্পড় দেন স্মিথ!
আচমকা থাপ্পড়ের অভিঘাতে ক্রিস খানিকটা হতভম্ব হয়ে যান। কিন্তু মুহূর্তেই তিনি বিষয়টি সামলে নেন। স্মিথ কোনো কথা বলেননি।
স্মিথের পুরস্কার ঘোষণার আগে স্মিথের স্ত্রী পিনটেক স্মিথের চুল কেটে ফেলা নিয়ে কৌতুক শুরু করেন ক্রিস। এতেই ক্ষিপ্ত হয়ে নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান স্মিথ। লম্বা লম্বা পায়ে এগিয়ে যান মঞ্চের দিকে। ক্রিস তখনো রসিকতা করছেন। স্মিথ মঞ্চে উঠে সপাটে চড় কষান ক্রিসকে।
পরে মঞ্চ থেকে নেমে রককে ধমক দিয়ে স্মিথ বলে ওঠেন, তোমার … মুখে আমার স্ত্রীর নাম নিও না।
২০১৮ সালে স্মিথের স্ত্রীর কঠিন রোগ ধরা পড়ে। তিনিও একজন অভিনেত্রী। তারপর থেকে স্মিথ স্ত্রীকে নিয়ে অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়েছেন বলে মনে করছেন অনেকে।










