বিনোদন


১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০৩ আগস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে ১৫ মাস পর দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

 

ইলিয়াস কাঞ্চনের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রতিষ্ঠিত সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’-এর ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ। তিনি জানান, চিকিৎসার অংশ হিসেবেই আপাতত কয়েক দিনের জন্য দেশে ফিরছেন এই অভিনেতা।

 

তবে দেশে অবস্থান দীর্ঘ হবে না। লিটন এরশাদ জানান, আগামী ১৪ আগস্টের আগেই আবার লন্ডনে ফিরে যেতে হবে ইলিয়াস কাঞ্চনকে। কারণ ১৫ আগস্ট সেখানে তার পুনরায় স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা-পরামর্শ নেওয়ার কথা রয়েছে।

 

জানা গেছে, মস্তিষ্কের টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন এরই মধ্যে ৬০টি কেমোথেরাপি নিয়েছেন। দীর্ঘ চিকিৎসার কারণে তার শারীরিক অবস্থার পাশাপাশি চেহারাতেও পরিবর্তন এসেছে। সম্প্রতি বিমানবন্দর থেকে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, সাদা চুল-দাড়িতে চেয়ারে বসে আছেন তিনি। তার পাশে ও পেছনে রয়েছেন সফরসঙ্গীরা।

 

লিটন এরশাদ বলেন, দীর্ঘ চিকিৎসার পরও কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা কিছুটা হতাশ। তিনি বলেন, “লন্ডনে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করেছে তার পরিবার। কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায়নি। কাঞ্চন ভাইও দেশে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন। তাই পরিবারের সিদ্ধান্তে তাকে কয়েক দিনের জন্য দেশে আনা হচ্ছে।”

 

এর আগে, গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারের অবস্থান জটিল ও ঝুঁকিপূর্ণ হওয়ায় অস্ত্রোপচারের সময় এর বড় অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকেই নিয়মিত কেমোথেরাপি ও চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন তিনি।

 

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’ দেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমা হিসেবে পরিচিত। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি পেয়েছেন দেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।


জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, আবারও যেতে হবে লন্ডনে

দীর্ঘ ১৫ মাস চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত এই অভিনেতা বাংলাদেশ সময় আজ সকালে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

গুরু পূর্ণিমায় এলো জীবনের সেরা উপহার, মা হলেন করিশমা তান্না

বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরার সংসারে এসেছে নতুন অতিথি। গুরু পূর্ণিমার পবিত্র দিনে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি জানান তারা।

শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৪৪তম মঞ্চায়ন

ঢাকার অন্যতম নাট্যদল ঢাকা পদাতিক তাদের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৪৪তম মঞ্চায়ন আয়োজন করছে। আগামী শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হবে।

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?