চলতি ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের লড়াই নিশ্চিত করেছে আটটি দল। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, গত আসরের রানার্সআপ ফ্রান্স, ইংল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, মরক্কো, বেলজিয়াম এবং স্পেন শেষ আটে জায়গা করে নিয়েছে। তবে এই আট দলের মধ্যে একমাত্র স্পেনই এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে একটি গোলও হজম করেনি। দুর্দান্ত রক্ষণভাগের নৈপুণ্যে তারা গড়েছে অনন্য এক রেকর্ড।

গ্রুপ পর্ব থেকে নকআউট পর্যন্ত প্রতিটি ম্যাচে আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে স্পেন। প্রতিপক্ষের আক্রমণ বারবার রুখে দিয়ে নিজেদের গোলবার অক্ষত রেখেছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে দিদিয়ের দে লা ফুয়েন্তের দল। এরপর দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দেয় তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে স্পেন। তিন ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি একটি গোলও হজম করেনি দলটি।

citytouch 728-X-90

রাউন্ড অব ৩২-এ ২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ফেরা অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় তুলে নেয় স্পেন। ওই ম্যাচে মিকেল ওয়ারজাবাল জোড়া গোল করেন। এরপর শেষ ষোলোতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে স্প্যানিশরা।

এ পর্যন্ত পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ৯টি গোল করেছে স্পেন। বিপরীতে তাদের গোলবার এখনো অক্ষত রয়েছে। অন্যদিকে, বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকোও শেষ ষোলো পর্যন্ত কোনো গোল হজম করেনি। তবে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ায় সেই রেকর্ড ধরে রাখা সম্ভব হয়নি।

কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর গোলের পরিসংখ্যান

আর্জেন্টিনা

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাটকীয় লড়াই শেষে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। এ পর্যন্ত তারা প্রতিপক্ষের জালে ১৪টি গোল করেছে এবং হজম করেছে ৫টি।

ফ্রান্স

দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্স এখনো কোনো ম্যাচ হারেনি। গ্রুপ পর্বে তিন ম্যাচে ১০ গোল করে দুটি গোল হজম করেছে। নকআউটের দুই ম্যাচে আরও চার গোল করলেও কোনো গোল হজম করেনি। সব মিলিয়ে তারা ১৪টি গোল করেছে এবং হজম করেছে ২টি।

মরক্কো

গ্রুপ ও নকআউট পর্ব মিলিয়ে মরক্কো প্রতিপক্ষের জালে ১০টি গোল করেছে। টাইব্রেকার বাদে তারা হজম করেছে ৪টি গোল।

বেলজিয়াম

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয় না পেলেও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-1 গোলে হারিয়ে নকআউটে ওঠে বেলজিয়াম। গ্রুপ পর্বে তারা ২টি এবং নকআউটে আরও ৩টি গোল হজম করেছে। মোট হজম ৫টি গোল।

নরওয়ে

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। এ পর্যন্ত তারা ১২টি গোল করেছে এবং হজম করেছে ৯টি।

ইংল্যান্ড

শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ড প্রতিপক্ষের জালে ১১টি গোল করেছে। বিপরীতে তারা হজম করেছে ৫টি গোল।

সুইজারল্যান্ড

দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ড এ পর্যন্ত ৯টি গোল করেছে এবং হজম করেছে ৩টি।

বিশ্বকাপে এখন পর্যন্ত নিখুঁত রক্ষণভাগের প্রদর্শনী স্পেনকে শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদারে পরিণত করেছে। কোয়ার্টার ফাইনালে তাদের অক্ষত গোলবারের রেকর্ড ধরে রাখতে পারে কি না, সেটিই এখন ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু।