বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের সাত দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। শিরোপা হাতছাড়া হওয়ায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ।

নিজ শহর পুজাতোতে কয়েক দিন ধরে সংবর্ধনা ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হওয়ার পর ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ এক পোস্টে স্কালোনি লিখেছেন, ‘তোমাদের জন্য আরেকটি কাপ এনে দিতে পারিনি, এ জন্য আমি দুঃখিত।’

ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ওই হারের পর নিজের মানসিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে স্কালোনি লেখেন, ‘দুঃখ আর আনন্দ এক হয়ে গেছে। অশ্রু আর হাসি, যন্ত্রণা আর প্রশান্তি, সবকিছু যেন একসঙ্গে মিশে আছে।’

citytouch 728-X-90

আর্জেন্টিনা দলের সমালোচকদেরও কড়া ভাষায় সমালোচনা করেছেন স্কালোনি। পোস্টে বড় হাতের অক্ষরে তিনি লেখেন, ‘যারা আমাদের চেনেই না, তাদের কাছ থেকে বারবার বরফ-ঠান্ডা পানির বালতি সহ্য করতে হয়েছে।’

বার্তার শেষদিকে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং এএফএর সব কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান স্কালোনি। বিশেষ করে পর্দার আড়ালে থেকে দলের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে কাজ করা ব্যক্তিদের আলাদাভাবে ধন্যবাদ জানান তিনি।

পোস্টের শেষ লাইনে স্কালোনি লিখেছেন, ‘যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি অমূল্য সম্পদ আছে।’

স্কালোনির এই আবেগঘন পোস্টের পর আবারও তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর্জেন্টিনা দলের সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে। চুক্তি নবায়ন করবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি। তবে নতুন চুক্তির মাধ্যমে ২০৩০ সাল পর্যন্ত স্কালোনিকে ধরে রাখতে চায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।