আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগের দিন শেষ অনুশীলনও সেরে ফেললেন লিওনেল মেসি। এজেইজায় জাতীয় দলের হয়ে শেষবারের মতো অনুশীলনের পর সতীর্থদের সঙ্গে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। ছবির সঙ্গে দেওয়া ছোট্ট বার্তাই আবেগে ভাসাচ্ছে আর্জেন্টিনার সমর্থকদের।

সোমবারের অনুশীলনে মেসিকে সতীর্থদের সঙ্গে হাসিমুখে দেখা যায়। একটি ছবিতে পুরো দল, কোচিং স্টাফ ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তাদেরও দেখা গেছে। দলীয় ছবিতে ছিলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অনুশীলনের স্মৃতি ধরে রাখতেই যেন সবাইকে এক ফ্রেমে বন্দী করেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

মঙ্গলবার মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামার কথা মেসির। তাকে বিদায় জানাতে ম্যাচ ঘিরে নেওয়া হয়েছে বিশেষ আয়োজন। পূর্ণ গ্যালারির পাশাপাশি থাকবে বিভিন্ন অনুষ্ঠান ও অতিথি শিল্পীদের উপস্থিতি।

citytouch 728-X-90

মেসির বিদায়ী ম্যাচে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের বেশির ভাগ সদস্যের উপস্থিত থাকার কথা রয়েছে। এ ম্যাচের জন্য বিশেষভাবে দলে ডাকা হয়েছে নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসোকেও। ওতামেন্দিও জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

বিশেষ কোনো পরিবর্তন না হলে বেনিনের বিপক্ষে পুরো ৯০ মিনিটই মেসির খেলার সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচের আগেই তার আবেগঘন পোস্ট বুঝিয়ে দিচ্ছে আর্জেন্টিনার জার্সিতে তার বিদায়ের মুহূর্ত এখন একেবারেই সামনে।