দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
শনিবার (১৪ মার্চ) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ওইদিন সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দামে আজ বুধবারও স্বর্ণ বিক্রি হচ্ছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ৩৬৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১৪ হাজার ৬১৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত শুক্রবার (১৩ মার্চ) স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।










