সৌদি আরবের নজরান শহরের একটি আবাসিক এলাকায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনটি বাড়ি ও তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র এ তথ্য জানান। তিনি বলেন, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ঘটনার পর নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে রোববার বিকেলে নজরান শহরে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা জারি করেছিল কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি পর্যালোচনা করে জানানো হয়, তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে গেছে।

আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই এ ঘটনা ঘটল। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল সরকারকে সমর্থন দেওয়ায় প্রতিবেশী সৌদি আরবও দীর্ঘদিন ধরে এ সংঘাতের প্রভাবের মুখে রয়েছে।

গত দুই মাসে বিভিন্ন সময়ে হুথিদের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি ভূখণ্ডে হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে সীমান্তবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।