ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদরামাউত প্রদেশের রাজধানী মুকাল্লার আল-রাইয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো হামলা চালানোর অভিযোগ উঠেছে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে ইয়েমেনের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল মাজেদ আল-নুজাইলি জানিয়েছেন, হুথিরা আল-রাইয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে চতুর্থ দফায় হামলা চালিয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনের জনগণকে অবরুদ্ধ করে রাখাই এসব হামলার উদ্দেশ্য।
আল-রাইয়ান ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ বেসামরিক বিমানবন্দর। হাদরামাউতসহ দেশটির বিভিন্ন প্রদেশের লাখ লাখ মানুষ যাতায়াতের জন্য এই বিমানবন্দরের ওপর নির্ভরশীল। তবে সর্বশেষ হামলার বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে বুধবার হাদরামাউত প্রদেশের এই বিমানবন্দর লক্ষ্য করে তিনটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। গত জুলাইয়ে সামরিক উত্তেজনা নতুন করে শুরু হওয়ার পর বিমানবন্দরটিতে এটিই ছিল প্রথম হামলা বলে জানা গেছে।
এদিকে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত এডেন আন্তর্জাতিক বিমানবন্দরেও হুথিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে এ হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় তাঁরা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।








