মালয়েশিয়ার একটি মসজিদে নামাজ আদায়ের সময় সিজদা থেকে আর উঠতে পারেননি এক মুসল্লি। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।
ভিডিওতে দেখা যায়, লাল রঙের জামা পরা এক ব্যক্তি সিজদা থেকে ওঠার চেষ্টা করছেন। তবে তিনি উঠে দাঁড়াতে পারেননি। একপর্যায়ে আবার সিজদার ভঙ্গিতে ফিরে গিয়ে নিথর হয়ে পড়ে থাকেন তিনি।
নামাজ শেষ হওয়ার পর কয়েকজন মুসল্লি তাঁর কাছে এগিয়ে যান। তাঁরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং সাহায্যের চেষ্টা করেন। তবে ততক্ষণে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ঘটনাটি মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের মুয়ার শহরের বাকরি এলাকার মসজিদ জামেক আত-তাকওয়ায় ঘটেছে।
গত ১৯ অক্টোবর থ্রেডসে আহমদ হারিস নামের এক ব্যক্তি ভিডিওটি প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, ‘এমন মৃত্যু, যা দেখে ঈর্ষা হয়। আল্লাহ তাঁকে নিজের সামনে সিজদারত অবস্থায় বেছে নিয়েছেন।’
একই সঙ্গে তিনি মৃত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সবার উত্তম পরিণতির জন্য প্রার্থনা করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সিজদারত অবস্থায় মৃত্যুর বিষয়টি নিয়ে আবেগ প্রকাশ করেন। তবে ওই মুসল্লির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং ঘটনার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।








