প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী ঝড় সুপার টাইফুন ‘চামপি’ তাইওয়ানের দিকে এগিয়ে আসায় ভূমি সতর্কতা জারি করা হয়েছে। ঝড়টির প্রভাবে অঞ্চলটিতে দুই শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়ার সময়সূচিতে পরিবর্তন আনতে হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, সুপার টাইফুনটির কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি। তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করা ঝড়টি উত্তর দিকে মোড় নিয়ে চীনের উপকূলের পাশ দিয়ে জাপানের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঝড়টির ব্যাসার্ধ বেড়ে প্রায় ৩২০ কিলোমিটারে পৌঁছেছে। ফলে তাইওয়ানের অধিকাংশ এলাকা এর প্রভাবের আওতায় আসতে পারে। উপকূলীয় অঞ্চলে ছয় মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ এবং পাহাড়ি এলাকায় এক মিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জনগণকে পাহাড়ি ও উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার প্রধানত অভ্যন্তরীণ রুটের ১২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বাসিন্দাকে সরিয়ে নেওয়ার খবর পাওয়া যায়নি।
তাইওয়ানের কাছাকাছি জাপানের দ্বীপগুলোতেও টাইফুনটির প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ওকিনাওয়া অঞ্চলের জনবসতিপূর্ণ ইয়োনাগুনি দ্বীপে ঝড়টির প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
জাপানের বিমান সংস্থা জাপান এয়ারলাইনস, এএনএ ও স্কাইমার্ক বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে শতাধিক ফ্লাইট বাতিল করেছে। এতে ১১ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, তাইওয়ানসংলগ্ন জাপানি দ্বীপগুলোতে যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া ‘কিন সোর্ড’ পরিচালিত হচ্ছে। এতে প্রায় ৫৬ হাজার সেনা অংশ নিচ্ছেন। টাইফুনের কারণে মহড়ার কার্যক্রম ও সময়সূচি প্রতিদিনের পরিস্থিতি বিবেচনায় পরিবর্তন করা হচ্ছে।
ঝড়টির সম্ভাব্য গতিপথ ও শক্তির ওপর নির্ভর করছে তাইওয়ান ও জাপানের উপকূলীয় অঞ্চলে এর প্রভাব কতটা তীব্র হবে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে।








