হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত পেয়ে দুটি বিশাল তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজ দুটির ইঞ্জিনকক্ষ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলো চলাচলের সক্ষমতা হারিয়ে সাগরে আটকা পড়ে। জাহাজ দুটিতে মোট ৪৫ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।

আইআরজিসি নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, শুক্রবার (২৩ অক্টোবর) হরমুজ প্রণালির একটি অননুমোদিত দক্ষিণাঞ্চলীয় নৌপথ দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় জাহাজ দুটি নৌমাইনে আঘাত পায়। এতে বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটিতে আগুন ছড়িয়ে পড়ে।

বিবৃতিতে আরও বলা হয়, বিস্ফোরণের ফলে জাহাজ দুটির ইঞ্জিনকক্ষ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে জাহাজ দুটি চলাচলের সক্ষমতা হারিয়ে সাগরে আটকা পড়ে।

আইআরজিসি নৌবাহিনীর দাবি, বিস্ফোরণের পর হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছাকাছি জাহাজ দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এ সময় জাহাজের নাবিকেরা সেগুলো ছেড়ে চলে যান।

তবে জাহাজ দুটির নাম, নাবিকদের নিরাপত্তা পরিস্থিতি কিংবা এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।