ইরানে নতুন করে হামলার সম্ভাবনা সামনে রেখে উপসাগরীয় মিত্র দেশগুলোকে প্রস্তুতি নেওয়ার সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৪ নভেম্বরের মধ্যে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিনই এ হামলা হতে পারে বলে জানিয়েছে দেশটি।
তিনজন জ্যেষ্ঠ উপসাগরীয় আরব কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, সম্ভাব্য হামলা হবে স্বল্পস্থায়ী, তবে তীব্র। অন্যদিকে, ইরানের পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে।
এক কর্মকর্তা জানিয়েছেন, কিছু উপসাগরীয় দেশ তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালানোর বিরোধিতা করতে পারে। এমন অবস্থান নিলে তিনি অবাক হবেন না বলেও মন্তব্য করেন।
গত ১ সেপ্টেম্বরের পর থেকে ইরানে আর কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রতিশ্রুতি দিয়েছেন, মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার আগে ইরানে নতুন করে হামলা চালানো হবে না।
তবে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, সংবেদনশীল সামরিক পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র মন্তব্য করে না।
ওই কর্মকর্তা আরও বলেন, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প সব ধরনের বিকল্প খোলা রেখেছেন।








