শিশুদের জন্য তৈরি টুথপেস্টও নয় নিরাপদ; প্রতিদিন দাঁত মাজার সময় শরীরে ঢুকছে ক্ষুদ্র প্লাস্টিক কণা বাড়ছে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা।

বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই রয়েছে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা। উদ্বেগের বিষয় হলো, শিশুদের জন্য তৈরি ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।

গবেষণায় দেখা যায়, পরীক্ষা করা টুথপেস্টের ৭৬ দশমিক ৫ শতাংশে মাইক্রোপ্লাস্টিক রয়েছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত প্লাস্টিক কণা পাওয়া গেছে। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এসব কণা খাবার, পানি, বাতাস এবং বিভিন্ন ব্যক্তিগত পরিচর্যার পণ্যের মাধ্যমে মানবদেহে প্রবেশ করতে পারে।

citytouch 728-X-90

বিজ্ঞানীরা ইতোমধ্যে মানুষের রক্ত, মস্তিষ্ক, ফুসফুস, প্লাসেন্টাসহ শরীরের বিভিন্ন অঙ্গে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন। বিভিন্ন গবেষণায় ইঙ্গিত মিলেছে, এসব কণা পরিপাকতন্ত্র, শ্বাসতন্ত্র, হরমোনের স্বাভাবিক কার্যক্রম, প্রজননক্ষমতা এবং রোগপ্রতিরোধ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ ছাড়া ২০২৪ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যাদের ধমনিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে, তাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং মৃত্যুর ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে। তবে গবেষকরা বলছেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত বৈজ্ঞানিক সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। দীর্ঘমেয়াদি প্রভাব নিশ্চিত করতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকে না। তবে কিছু প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যার পণ্যে ঘর্ষণকারী উপাদান হিসেবে, পণ্যের ঘনত্ব বজায় রাখতে কিংবা বিভিন্ন উপাদানকে একত্রে ধরে রাখতে ইচ্ছাকৃতভাবে প্লাস্টিকের ক্ষুদ্র কণা ব্যবহার করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশে এ বিষয়ে ইতোমধ্যে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে টুথপেস্টসহ মুখগহ্বর পরিচর্যার বিভিন্ন পণ্যে প্লাস্টিক মাইক্রোবিড ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে বাংলাদেশে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের কোনো নির্দিষ্ট গ্রহণযোগ্য সীমা এখনো নির্ধারণ করা হয়নি।

এ বিষয়ে ইএসডিও এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) জানিয়েছে, অনুমোদিত উপাদানের তালিকায় মাইক্রোপ্লাস্টিক নেই। ফলে টুথপেস্টে এ ধরনের প্লাস্টিক কণার উপস্থিতি গ্রহণযোগ্য নয় বলে মনে করছে সংস্থাগুলো।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিগত পরিচর্যার পণ্যে মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি, নিয়মিত পরীক্ষার ব্যবস্থা এবং স্পষ্ট মানদণ্ড নির্ধারণ জরুরি। একই সঙ্গে ভোক্তাদেরও সচেতনভাবে পণ্যের উপাদান তালিকা যাচাই করে পণ্য ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা।