নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির শপথ ও অভিষেক অনুষ্ঠানে ফার্স্ট লেডি রামা দুওয়াজির উপস্থিতি আলাদা করে নজর কেড়েছে। ঝলমলে আয়োজন, ক্যামেরার ফ্ল্যাশ আর আন্তর্জাতিক গণমাধ্যমের চোখ সব কিছুর মাঝেও রামার লুক ছিল সংযত, সাহসী আর অর্থবহ। সবচেয়ে আলোচিত বিষয় হলো, এই দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তিনি যে পোশাক পরেছেন সেগুলো কিনে নয়, ভাড়া নিয়েই বেছে নিয়েছেন।

১ জানুয়ারি শপথ অনুষ্ঠানে রামা পরেছিলেন ফরাসি ফ্যাশন হাউস ব্যালেনসিয়াগার ফানেল নেক উল কোট। নিউইয়র্কের বিলাসবহুল ফ্যাশন আর্কাইভ ও রেন্টাল সার্ভিস অলব্রাইট ফ্যাশন লাইব্রেরি থেকে নেওয়া এই কোটের সঙ্গে তিনি মিলিয়েছিলেন ভিনটেজ গোল্ড ইয়ার রিং, দ্য ফ্র্যাঙ্কি শপের ওয়াইড লেগ শর্টস এবং লন্ডনের মিস্টা ব্র্যান্ডের লেস-আপ বুট। পুরো লুকটি ছিল আধুনিক, আত্মবিশ্বাসী এবং প্রচলিত ফার্স্ট লেডি স্টাইলের বাইরে।

পরদিন ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠানে রামা হাজির হন আরও শক্তিশালী এক লুকে। তিনি পরেছিলেন চকলেট ব্রাউন ফানেল নেক ফক্স ফার কোট, যা নিয়েছিলেন ফিলিস্তিনি-লেবানিজ ডিজাইনার সিনথিয়া মেরহেজের কাছ থেকে। এটি ছিল ফল ২০২৩ কালেকশনের একটি কাস্টম রিভিশন। সঙ্গে কফি ব্রাউন লেস-আপ বুট ও সিলভার হুপ ইয়ার রিং—সব মিলিয়ে লুকটি ছিল নীরব অথচ স্পষ্ট বার্তাবাহী।

Related posts here

ফ্যাশন বিশেষজ্ঞরা বলছেন, রামার এই সিদ্ধান্ত কেবল স্টাইল নয়, রাজনৈতিক ও সামাজিক অবস্থানেরও প্রকাশ। নিউইয়র্ক ভিনটেজের প্রতিষ্ঠাতা শ্যানন হোয়ির মনে করেন, ভিনটেজ ও ভাড়া নেওয়া অলংকার ব্যবহার করে রামা ছোট ব্যবসা, টেকসই ফ্যাশন ও সচেতন ভোক্তা সংস্কৃতিকে সমর্থন করেছেন। থ্রিফট শপ ও স্বাধীন ব্র্যান্ডের প্রতি তাঁর ঝোঁক তাঁর পোশাকেই স্পষ্ট।

মার্কিন স্টাইলিস্ট গ্যাব্রিয়েলা কারেফা-জনসনের ভাষায়, রামার ফ্যাশন ছিল “রাজকীয়, কিন্তু স্বাধীন ও সাহসী” একেবারে নিজের মতো করে গড়া।

বিশেষজ্ঞদের মতে, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসা মেয়রের স্ত্রী হিসেবে হাই-এন্ড পোশাক কেনার বদলে ভাড়া নেওয়া ছিল একেবারেই সচেতন সিদ্ধান্ত। এতে যেমন অহেতুক বিতর্ক এড়ানো গেছে, তেমনি স্পষ্ট হয়েছে তাঁর মূল্যবোধ।

সব মিলিয়ে রামা দুওয়াজি দেখিয়ে দিলেন, ফার্স্ট লেডি হওয়ার মানে কেবল জাঁকজমক নয়। পোশাকের মাধ্যমেও বলা যায় নিজের অবস্থান, দর্শন আর সামাজিক দায়বদ্ধতার গল্প আর তা করতে বিপুল অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু স্পষ্ট চেতনা আর আত্মবিশ্বাস।