নির্ধারিত মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিসহ বিভিন্ন কারণে এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে। তবে দেশের কোথাও যেন জ্বালানি সংকট তৈরি না হয় এবং ভোক্তারা নির্ধারিত মূল্যে এলপিজি কিনতে পারেন, সে বিষয়ে সরকার নজর রাখছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, কোথাও কোথাও জ্বালানি পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগ পাওয়া গেছে। খুচরা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, গত সেপ্টেম্বর মাসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে। এসব তৎপরতার ফলে এলপিজি নিয়ে চলমান সংকট ধীরে ধীরে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রেল যোগাযোগকে সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের সহায়তায় ভিজিএফ কার্ডের আওতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও জানান ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বাড়ায় দরিদ্র ও ভালনারেবল মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। তাদের কিছুটা স্বস্তি দিতে ভিজিএফ কার্ডের আওতা সম্প্রসারণের পাশাপাশি সহায়তার পরিমাণও বাড়ানো হচ্ছে। কার্ডধারীদের ২০ কেজি করে চাল দেওয়া হবে।
চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার জনগণ ও রাষ্ট্রের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর স্বার্থের বিপরীতে যেতে পারে। তবে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করবে এবং তাদের আশ্বস্ত করার চেষ্টা করবে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ঘটনার পর প্রাথমিকভাবে ছাত্রদল থেকে সংশ্লিষ্টদের বহিষ্কার করা হয়েছে। এর বাইরে ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অত্যন্ত আগ্রহী বলেও জানান তিনি। তবে এই প্রকল্পে অর্থায়ন বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো দেশ করবে, সেটি আলাদা আলোচনার বিষয় বলে উল্লেখ করেন তিনি।
ব্যাটারিচালিত অটোরিকশার কিছু সুবিধা রয়েছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, এসব যানবাহনকে একেবারে নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে সরকার একটি নীতিমালা প্রণয়নের কাজ করছে। যাত্রী ও চালকদের নিরাপত্তা, সড়কে শৃঙ্খলা এবং যানবাহন ব্যবস্থাপনার বিষয়গুলো বিবেচনায় নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার জন্য প্রয়োজনীয় নীতিমালা করা হচ্ছে।








