রাজধানী ঢাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫১টি মামলা করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইন ও মদসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৭০ জন, লালবাগ বিভাগে ৬৫ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, গুলশান বিভাগে ৩৫ জন, রমনা বিভাগে ২৬ জন এবং উত্তরা বিভাগ থেকে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ থেকে দুজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালে পুলিশ ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ এবং তিন বোতল বিদেশি মদ উদ্ধার করে। এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি ব্যাগ ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সময়ে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।










