রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কারণে বন্ধ করে দেওয়া মেট্রোরেলের তিনটি স্টেশন আবার চালু হয়েছে। এর ফলে মেট্রোরেলের সব স্টেশন থেকে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে।
এমআরটি পুলিশ কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কারণে রোববার দুপুরে মিরপুরের পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ নম্বর স্টেশন বন্ধ করে দেওয়া হয়।
মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলা ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় শ্রমিকদেরও ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।
প্রায় ৪০ মিনিট ধরে সংঘর্ষ চলার পর মিরপুর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। পরে বন্ধ থাকা তিনটি মেট্রোরেল স্টেশন আবার চালু করা হয়।








