ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে গত সোমবার (৯ নভেম্বর) তিনি এ আবেদন করেন বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত একটি চিঠি দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে পাঠানো হয়েছে। লন্ডনভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠানের আইনজীবীরা দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠিটি পাঠান।

চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর তার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে দ্রুত নতুন পরিচয়পত্র দুটি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

এদিকে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন এবং দেশে ফেরার পরিকল্পনার বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন, অন্যদিকে অনেকে দেশের বাইরে অবস্থান করছেন।

শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে তার দেশে ফেরার উদ্যোগ দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কেও নতুন প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।