দেশে নতুন দুটি থানা, একটি পৌরসভা, একটি পুলিশ তদন্তকেন্দ্র এবং দুটি অধিদপ্তর গঠনের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি একটি থানার নাম পরিবর্তনের প্রস্তাবও রয়েছে। এ নিয়ে মোট সাতটি প্রস্তাব প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে উপস্থাপনের জন্য চূড়ান্ত করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর’ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে ‘বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তর’ হিসেবে রূপান্তর করা। এ ছাড়া সিলেটের জৈন্তাপুর উপজেলায় নতুন একটি পৌরসভা গঠনের প্রস্তাব রয়েছে।
থানা গঠনের ক্ষেত্রে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত পুলিশ তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় নতুন থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই বাজার এলাকায় নতুন একটি পুলিশ তদন্তকেন্দ্র স্থাপনের প্রস্তাব রয়েছে। ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার প্রস্তাবও আলোচনায় আসছে।
জৈন্তাপুর পৌরসভা গঠনের প্রস্তাবে নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মহল থেকে উদ্যোগ নেওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রস্তাবটি প্রাক-নিকার সভায় উপস্থাপনের জন্য পাঠানো হয়েছে।
অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরের পক্ষে পানিসম্পদ মন্ত্রণালয় একটি সারসংক্ষেপ জমা দিয়েছে। এতে বলা হয়েছে, ছয় দশকের বেশি সময় ধরে দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংস্থাটি। তবে ‘বোর্ড’ হিসেবে পরিচালিত হওয়ায় বিভিন্ন প্রশাসনিক ও অর্থনৈতিক জটিলতার মুখে পড়তে হচ্ছে।
সারসংক্ষেপে আরও উল্লেখ করা হয়েছে, মর্যাদা ও সুযোগ-সুবিধার বৈষম্যের কারণে সংস্থাটির অনেক প্রকৌশলী ও কর্মচারী অন্যান্য সরকারি অধিদপ্তর ও সংস্থায় চাকরির প্রতি আগ্রহী হচ্ছেন। এতে দক্ষ জনবল ধরে রাখা এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়ছে।
পাশাপাশি সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টিও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে খাল খনন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, ভূগর্ভস্থ পানির সংরক্ষণ, কৃষিজমির লবণাক্ততা দূরীকরণ, তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারাজ বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি।
প্রসঙ্গত, প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) দেশের প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। নতুন জেলা, উপজেলা, থানা, সিটি করপোরেশন ও পৌরসভা গঠন কিংবা প্রশাসনিক সীমানা পরিবর্তনের প্রস্তাব এ কমিটিতে বিবেচনা করা হয়।
প্রাক-নিকার সচিব কমিটির বৈঠক মূলত নিকারের চূড়ান্ত সভার আগে প্রস্তাবগুলো যাচাই-বাছাইয়ের একটি প্রস্তুতিমূলক ধাপ। ফলে এ বৈঠকে প্রস্তাবগুলো নিয়ে ইতিবাচক সুপারিশ এলেও সেগুলো কার্যকর করতে নিকারের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে।









